সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল।
ইসলামাবাদে অনুষ্ঠিত ফাইনালে বুধবার পাকিস্তান বাংলাদেশকে ৩-০ সেটে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় শিরোপা জিতে নেয়।
বিশ্ব র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান ৩৯, আর বাংলাদেশের ৭৫। র্যাঙ্কিংয়ের পার্থক্য থাকলেও প্রথম ও তৃতীয় সেটে বাংলাদেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। দুটি সেটেই ২৫-২০ ব্যবধানে জয় পায় পাকিস্তান। তবে দ্বিতীয় সেটে ২৫-১৬ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
টুর্নামেন্টজুড়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে হরষিত বিশ্বাসের দল। লিগ পর্বে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়ে তারা ফাইনালে ওঠে। পথে বাংলাদেশ হারিয়েছে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে।
লিগ পর্বে বাংলাদেশের একমাত্র হার ছিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। পরে সেমিফাইনালে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলেও শিরোপা নির্ধারণী ম্যাচে আবারও পাকিস্তানের কাছে পরাজিত হয় বাংলাদেশ।
এবারের আসরে শ্রীলঙ্কা তৃতীয় স্থান অর্জন করেছে।
উল্লেখ্য, কাভা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র শিরোপা আসে ২০১৬ সালে, যখন ঢাকায় অনুষ্ঠিত ফাইনালে কিরগিজস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।