স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন। দেশের উন্নয়ন ও পরিবর্তনের লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করছেন এবং কীভাবে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে সব সময় পরিকল্পনা করছেন।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) আয়োজিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেসব উন্নয়ন পরিকল্পনা ও সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। তিনি বলেন, দেশকে নতুনভাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কোনো বিকল্প নেই।
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নানা অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ থাকলেও তরুণদের মেধা, উদ্যম ও দেশপ্রেম ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ তৈরি করেছে। তাদের শক্তি ও অদম্য আকাঙ্ক্ষাই বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, দেশের সামনে বড় বড় চ্যালেঞ্জ থাকলেও রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে সুপরিকল্পিত উদ্যোগ এবং কার্যকর নেতৃত্বের মাধ্যমে ধাপে ধাপে এসব সংকট মোকাবিলা করা যাবে।
ছাত্র-তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের ভবিষ্যৎ তাদের হাতেই। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি বিশ্বাস প্রকাশ করেন, অতীতের মতো বাংলাদেশ এবারও সব বাধা অতিক্রম করে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নান বক্তব্য দেন।