বিপিএল আয়োজন নিয়ে বড় সিদ্ধান্ত, এ বছর টুর্নামেন্ট হচ্ছে না

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার মতো পর্যাপ্ত সময় বোর্ডের হাতে নেই বলে জানিয়েছেন তিনি।

বুধবার মিরপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে গেম ডেভেলপমেন্ট ট্রফির আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে বিপিএল নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি। এ সময় চলতি বছর বিপিএল আয়োজনের মতো পর্যাপ্ত সময় আছে কি না জানতে চাইলে তামিম সরাসরি বলেন, ‘আমি মনে করি না। এ বছর বিপিএল হবে না।’

বাংলাদেশের ক্রিকেটারদের আয়ের অন্যতম বড় উৎস বিপিএল। ফলে এবার টুর্নামেন্ট না হলে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি হতে পারে—এ বিষয়টিও স্বীকার করেছেন তামিম। তিনি বলেন, তিনি নিজে খেলোয়াড় থাকলে এমন সিদ্ধান্তে হতাশ হতেন। তবে তাঁর মতে, বিপিএল এমনভাবে আয়োজন করা দরকার, যাতে টুর্নামেন্টটি নিয়ে বিসিবি গর্ব করতে পারে।

বিসিবি সভাপতি মনে করেন, খেলোয়াড়দেরও বিপিএল সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে একই ধরনের প্রত্যাশা রয়েছে। তাঁর ভাষায়, যুক্তি ভিন্ন হতে পারে, তবে মূল বিষয় হলো টুর্নামেন্টটি সঠিকভাবে পরিচালনা করা। বিপিএলকে একটি বড় ক্রিকেটীয় ব্র্যান্ড উল্লেখ করে তিনি বলেন, টুর্নামেন্টটি ঠিকভাবে আয়োজন করা গেলে এর প্রতি দর্শক ও ক্রিকেটপ্রেমীদের আগ্রহ আরও বাড়বে।

বিপিএলের বিভিন্ন আসরে পারিশ্রমিক নিয়ে জটিলতা, ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থ পরিশোধে অনিয়ম এবং সম্প্রচার নিয়ে নানা সমস্যার অভিযোগ উঠেছে। তামিম জানিয়েছেন, সর্বশেষ দুই আসর আয়োজন করতে গিয়ে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

এ কারণেই সবকিছু গুছিয়ে নিয়ে তারপর বিপিএল আয়োজন করতে চান তিনি। তামিম বলেন, বিপিএল আয়োজনের বিষয়ে বিসিবির আগ্রহে কোনো ঘাটতি নেই। তবে তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজনের পরিবর্তে প্রয়োজন হলে ছয় মাস বা এক বছর সময় নিয়েও এটি সঠিকভাবে আয়োজন করতে চান।

সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়ায় বিপিএল। এবার ওই সময়ে বিপিএল না হলে বিকল্প কোনো ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করা হবে কি না, সে বিষয়ে বিসিবি একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তামিম।

তিনি জানান, পরিকল্পনার ৬০ থেকে ৭০ শতাংশ কাজ শেষ হলে ঘরোয়া ক্রিকেটের নতুন ক্যালেন্ডার কীভাবে সাজানো হবে, তা ঘোষণা করা হবে। তাঁর দাবি, এবারের পরিকল্পনাটি আগের চেয়ে কিছুটা ভিন্ন ও আকর্ষণীয় হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত