গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে ভোট পড়েছে ৩৪৩টি। মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বৃহস্পতিবার বিকেলে ভোট গণনা শেষে প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন।
এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রকাশ্যে ব্যালট গণনা করা হয়। গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করেন সিইসি।
ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। এরপর সংসদ সদস্যরা পর্যায়ক্রমে ভোট দেন।
ভোট গণনা শেষে মির্জা ফখরুল সর্বাধিক ভোট পাওয়ায় তাঁকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সিইসি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।