বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে পৃথক বার্তায় তাঁকে শুভেচ্ছা জানানো হয়।
চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। নতুন যুগে চীন-বাংলাদেশের অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত বেইজিং।
দুই দেশের অভিন্ন ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্য জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনবে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ব্রিটিশ হাইকমিশনের ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি ও সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের একটি পুরোনো সাক্ষাতের ছবিও প্রকাশ করা হয়।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ (বীরবিক্রম) পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৯ ভোটারের মধ্যে ছয়জন সংসদ সদস্য ভোট দেননি।
বিকেল ৫টার পর ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন।