ইরানের সঙ্গে সংঘাতে আহত মার্কিন সেনার সংখ্যা ছাড়াল ৭৫০

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: Reuters
ছবি: Reuters

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এ পর্যন্ত ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুদ্ধকালীন হতাহতের তথ্যভান্ডার হালনাগাদের পর এ তথ্য সামনে এসেছে।

স্থানীয় সময় বুধবার পেন্টাগন তাদের তথ্যভান্ডার আপডেট করে। এতে নতুন করে ৫০ জনের বেশি আহত মার্কিন সেনার তথ্য যুক্ত করা হয়েছে। সব তথ্য একত্র করলে দেখা যায়, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেমে (ডিক্যাস) ‘ওভারসিজ অপারেশনস’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’র তথ্য মিলিয়ে এই হিসাব পাওয়া গেছে।

এমন সময় হতাহতের নতুন পরিসংখ্যান প্রকাশ পেল, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় রয়েছে। একই সঙ্গে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনাও অব্যাহত রয়েছে।

গত মাসে ডিক্যাসে ‘ওভারসিজ অপারেশনস’ নামে নতুন একটি বিভাগ চালু করে পেন্টাগন। সেখানে ৭ জুলাই থেকে নিহত ও আহত মার্কিন সেনাদের তথ্য যুক্ত করা হচ্ছে। তবে এই হতাহতের ঘটনাগুলো ঠিক কোন সংঘাত বা সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত, সে বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

এর আগে পেন্টাগনের হতাহতের তথ্য নিয়ে প্রশ্নও উঠেছিল। ইরানের হামলার সময় নিহত ও আহত সেনাদের সংখ্যা একপর্যায়ে কমে যাওয়ায় সংবাদমাধ্যম ও আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরে চারজন নিহত এবং কয়েক ডজন আহত সেনার তথ্য আবার তালিকায় যুক্ত করা হয়। তখন পেন্টাগন এটিকে ‘সাময়িক তথ্যগত বিঘ্ন’ হিসেবে ব্যাখ্যা করেছিল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দাবি করেছেন, ইরানের সঙ্গে পরিস্থিতি এখন ‘খুব ভালো’। তবে তেহরানের সঙ্গে আলোচনা স্থগিত রয়েছে। চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিও এখনো উত্তেজনার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে রয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত