ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে প্রাণ গেল তরুণ ফুটবলারের

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের সুঙ্গাই গোলক শহরের শান্তিফাপ স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে এক ফুটবলারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন খেলোয়াড়।

মঙ্গলবার স্থানীয় গোলক এফএ কাপ টুর্নামেন্টে স্যামকোল্টস ও আবু এক্স নং সিরিনের মধ্যকার ম্যাচ চলার সময় প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎ মাঠে বজ্রপাতের ঘটনা ঘটে। আকস্মিক বজ্রাঘাতে মাঠে থাকা কয়েকজন খেলোয়াড় মাটিতে লুটিয়ে পড়েন এবং ম্যাচটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়।

নিহত ফুটবলার সফওয়ান আওয়ায়ে (২৪) স্যামকোল্টসের হয়ে উইঙ্গার হিসেবে খেলছিলেন। সম্প্রতি তিনি থাইল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ইয়ালা এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

ঘটনার পর সতীর্থরা দ্রুত তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। পরে জরুরি চিকিৎসাসেবা দল ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে চিকিৎসা দিলেও শেষ পর্যন্ত তাঁর প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, বজ্রপাতে আহত অন্য খেলোয়াড়দের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সফওয়ান আওয়ায়ের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইয়ালা এফসি। এক শোকবার্তায় ক্লাবটি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে, এই অকাল মৃত্যু থাই ফুটবল অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

থাইল্যান্ডে বজ্রপাতজনিত দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটির রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বজ্রপাতে অন্তত ২৮৩ জন প্রাণ হারিয়েছেন। বিশেষজ্ঞরা বজ্রঝড়ের সময় খোলা মাঠে খেলাধুলা বা অবস্থান না করার পরামর্শ দিয়ে আসছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত