প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্টের জেরে গ্রেপ্তার এনসিপির গাজী সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্টকে কেন্দ্র করে দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, মঙ্গলবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়ায় নেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে গাজী সালাউদ্দিন তানভীর নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট প্রকাশ করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করলে তিনি পরে সেটি মুছে ফেলেন এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি তাকে দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়। পরে গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ২৯ জুলাই প্রকাশিত ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করে। এ অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত