বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন। তাঁর দাবি, অতীতের বিভিন্ন স্বৈরশাসকের সঙ্গে শেখ হাসিনার শাসনামলের মৌলিক পার্থক্য ছিল রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন ও অর্থ পাচারের অভিযোগ।
বুধবার রাজধানীর গুলশানে জুলাই গণ-অভ্যুত্থান এবং গত ১৭ বছরের আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
রিজভী বলেন, ইতিহাসে নাৎসি নেতা অ্যাডলফ হিটলার ও বেনিতো মুসোলিনি ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের জন্য সমালোচিত হলেও তাঁদের শাসনের সঙ্গে শেখ হাসিনার শাসনের পার্থক্য রয়েছে বলে তিনি মনে করেন। তাঁর অভিযোগ, শেখ হাসিনার শাসনামলে অর্থ পাচার, ব্যাংক খাতের অনিয়ম, শেয়ারবাজারে দুর্নীতি এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের ঘটনা ঘটেছে।
তিনি আরও দাবি করেন, রাজনৈতিক প্রক্রিয়াকে ব্যবহার করে আওয়ামী লীগের শাসনব্যবস্থায় ফ্যাসিবাদের উত্থান ঘটে এবং ক্ষমতা দীর্ঘায়িত করতে বিরোধী মত দমনে সহিংসতার আশ্রয় নেওয়া হয়। তাঁর ভাষ্য, বিভিন্ন সময়ে শিক্ষার্থী, সাংবাদিক, শ্রমজীবী মানুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন।
জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এটি ছিল জনগণের দীর্ঘদিনের ক্ষোভ ও গণতন্ত্রের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। তাঁর মতে, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখেই রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে।
রিজভী বলেন, দেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন শুরু হয়েছে, তা এগিয়ে নিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।