শেষ ষোলোতে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর এবার সুইজারল্যান্ডকে সামনে রেখে কোয়ার্টার ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা। মিসরের বিপক্ষে নাটকীয় ৩-২ গোলের জয়ের পর দলের ভেতরের চাপ ও হতাশার জায়গা নিয়েছে আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব।
বৃহস্পতিবারের অনুশীলনে আর্জেন্টিনার খেলোয়াড়দের দেখা গেছে বেশ প্রাণবন্ত ও নির্ভার মেজাজে। এই পরিবেশেই কোয়ার্টার ফাইনালের পরিকল্পনা সাজাচ্ছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শেষ ষোলোর ম্যাচের একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
তবে দুটি পজিশন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাইটব্যাকে নাহুয়েল মোলিনা নাকি গনসালো মন্তিয়েল খেলবেন, তা নিয়ে ভাবছেন স্কালোনি। একই সঙ্গে আক্রমণভাগে হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসের মধ্যে একজনকে বেছে নিতে হবে তাঁকে।
মিসরের বিপক্ষে মোলিনা ও আলভারেস প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি। বিপরীতে বদলি হিসেবে নেমে গনসালো মন্তিয়েল এবং লাউতারো মার্তিনেস দারুণ প্রভাব ফেলেন। মার্তিনেস একটি গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি শেষ গোলটিতে অ্যাসিস্ট করেন। ফলে সুইজারল্যান্ডের বিপক্ষে তাঁর শুরুর একাদশে ফেরার সম্ভাবনা বেড়েছে।
সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগে শেষ অনুশীলনে স্কালোনি সম্ভাব্য একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, মিসর ম্যাচের একাদশ থেকে সর্বোচ্চ একটি বা দুটি পরিবর্তন আসতে পারে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেস; নাহুয়েল মোলিনা/গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো দে পল, এনসো ফার্নান্দেস, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস/লাউতারো মার্তিনেস।