উরুগুয়ের ৭২ বছরের বিশ্বকাপ রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস লিখেছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে টানা ১২ ম্যাচে অন্তত দুই বা তার বেশি গোল করার অনন্য কীর্তি গড়েছে লিওনেল স্কালোনির দল। এর মাধ্যমে ৭২ বছর ধরে অক্ষত থাকা উরুগুয়ের রেকর্ড ভেঙে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এই গোলধারার সূচনা হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপে। মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে শুরু হওয়া যাত্রায় এরপর পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের বিপক্ষেও অন্তত দুটি করে গোল করেছে আর্জেন্টিনা।

২০২৬ বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে আলবিসেলেস্তেরা। গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে যথাক্রমে ৩-০, ২-০ ও ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় তারা। এরপর নকআউট পর্বে কেপ ভার্দেকে ৩-২, মিসরকে ৩-২ এবং সর্বশেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা ১২ ম্যাচে দুই বা তার বেশি গোল করার বিশ্বরেকর্ড নিজেদের করে নেয়।

এর আগে এই রেকর্ড ছিল উরুগুয়ের দখলে। ১৯৩০, ১৯৫০ ও ১৯৫৪ বিশ্বকাপ মিলিয়ে টানা ১১ ম্যাচে অন্তত দুই গোল করার নজির গড়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৯৫৪ সালের সেমিফাইনালে হাঙ্গেরির কাছে ৪-২ গোলে হেরে সেই ধারাবাহিকতার সমাপ্তি ঘটে।

এদিকে আর্জেন্টিনার দুর্দান্ত আক্রমণভাগ এবং ধারাবাহিক পারফরম্যান্স তাদের এবারের বিশ্বকাপেও অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সেমিফাইনালে জয় পেলে আরও নতুন ইতিহাস গড়ার সুযোগ থাকবে লিওনেল মেসিদের সামনে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত