আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক: নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, এবারের বিশ্বকাপে তিনি আর্জেন্টিনাকেই শিরোপা জিততে দেখতে চান। তবে তাঁর এই সমর্থনের কারণ লিওনেল মেসি নন; বরং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

ইসরায়েলি কমেডিয়ান বেন বারুচ সঞ্চালিত ‘দ্য মোজো পডকাস্ট’-এ দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আর্জেন্টিনার প্রতি তাঁর আগ্রহের মূল কারণ দেশটির বর্তমান প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই সাক্ষাৎকারের ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমি বিশ্বকাপে আর্জেন্টিনাকে খুঁজি। কেন জানেন?” সঞ্চালক মেসির নাম উল্লেখ করলে নেতানিয়াহু জবাব দেন, “না, মেসির আগে মিলেই। তিনি একজন সুপারস্টার।”

হাভিয়ের মিলেই সম্পর্কে নেতানিয়াহু বলেন, তিনি মুক্তবাজার অর্থনীতির সমর্থক এবং ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু। তাঁর ভাষায়, “তিনি মুক্ত অর্থনীতিকে গ্রহণ করেছেন। সবচেয়ে বড় কথা, তিনি ইসরায়েলের একজন মহান বন্ধু।”

এদিকে, লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে বিবেচিত হচ্ছে। শেষ ষোলোতে মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। শেষ আটে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, আর সে পথচলায় আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্বের সমর্থনও পাচ্ছে দলটি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত