অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষে ভিডিও কলে বাংলাদেশ দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তিনি শুভেচ্ছা জানান।
রোববার ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন স্মরণীয় জয় পায় নাজমুল হোসেন শান্তর দল।
ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের সঙ্গে ভিডিও কলে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানান। পাশাপাশি সিরিজের পরের টেস্টের জন্য দলকে শুভকামনা জানান তিনি।
বাংলাদেশ দল যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই ভিডিও কলে দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের।’
তিনি বলেন, দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য এসেছে।
প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে বলে আশা প্রকাশ করেন।
এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতেছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতেই তাদের হারিয়ে সেই অর্জনের সঙ্গে যুক্ত হলো আরও বড় সাফল্য।
অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে তাদের নিজেদের মাঠে পাওয়া এই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।