অনুমতি ছাড়া বিক্ষোভের অভিযোগে হবিগঞ্জে মাহদীসহ আটক ৩

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস–সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটক অপর দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য মীর্জা সুমন ও রকি আহমেদ।

সংগঠনটির জেলা কমিটির পক্ষ থেকে কোর্ট মসজিদের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ সেখানে গিয়ে মাহদী হাসানসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় সংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ করার চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

সংগঠনের আহ্বায়ক আরিফ তালুকদার বলেন, কর্মসূচিটি স্থানীয় ছাত্র-জনতার উদ্যোগে আয়োজন করা হয়েছিল। তাঁরা এতে সংহতি জানিয়ে অংশ নেন। তাঁর দাবি, পুলিশ মাহদী হাসানকে নিরাপত্তা দেওয়ার কথা বলে থানায় নিয়ে যায় এবং আটক সবাইকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছে।

মাহদী হাসান এর আগে গত জানুয়ারিতে একটি বক্তব্যের কারণে আলোচনায় এসেছিলেন। ওই বক্তব্যের পর পুলিশ তাঁকে আটক করলেও পরে ছেড়ে দেয়।

এদিকে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক বলেন, অনুমতি ছাড়া বিক্ষোভ সমাবেশ আয়োজন এবং নিরাপত্তার স্বার্থে তাঁদের আটক করা হয়েছে

রাত আটটা পর্যন্ত মাহদী হাসানসহ আটক তিনজন থানায় ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত