তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন মোহাম্মদ বিন সালমান

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: পিএমও
ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ তাঁর হাতে ক্রাউন প্রিন্সের পাঠানো আমন্ত্রণপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

আমন্ত্রণপত্রে মোহাম্মদ বিন সালমান বলেন, দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরব ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সফরের মূল লক্ষ্য হবে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়েও দুই দেশের মধ্যে মতবিনিময় হবে।

সফরের সময়সূচি উভয় পক্ষের সুবিধা অনুযায়ী কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমন্বয় করে নির্ধারণ করা হবে বলে আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং বাংলাদেশের জনগণের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেছেন সৌদি ক্রাউন প্রিন্স।

এলাকার খবর

সম্পর্কিত