ভারতের বিহার রাজ্যের লখিসরাইয়ের অশোকধাম মন্দিরে বিপুলসংখ্যক ভক্তের সমাগমের মধ্যে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই।
সোমবার শ্রাবণ মাসের উপলক্ষে মন্দিরটিতে বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাসের সোমবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এদিন শিবমন্দিরগুলোতে সাধারণত প্রচুর ভক্তের উপস্থিতি দেখা যায়।
লখিসরাইয়ের সাবডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) শিবম কুমার বলেন, এ ঘটনায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, মন্দির এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার পর কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর সেখানে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
লখিসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার জানান, মন্দির এলাকায় নজিরবিহীন ভিড় হয়েছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে দুটি ট্রেন সেখানে পৌঁছালে ভক্তদের সংখ্যা আরও বেড়ে যায়। অতিরিক্ত ভিড়ের আশঙ্কায় আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
ঘটনার ব্যাখ্যায় জেলা ম্যাজিস্ট্রেট বলেন, অতিরিক্ত মানুষের চাপে মন্দির এলাকার একটি প্রতিবন্ধকের এক পাশ ভেঙে পড়ে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ঘটনার পর নিহত ও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।