যেসব ইস্যুতে ৫ আগস্ট পল্টনে সমাবেশের ডাক দিল জামায়াত জোট
জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দলীয় নিয়োগের প্রতিবাদসহ একাধিক দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, নির্বাচনের আগে সরকারি দল জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের প্রচার চালিয়েছিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও জনগণের কাছে ‘হ্যাঁ’ ভোট চেয়েছিলেন। জনগণ গণভোটে জুলাই সনদের পক্ষে রায় দিলেও সরকার এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না।
হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, সরকার জনগণের দেওয়া রায়কে উপেক্ষা করছে এবং বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় দলীয় লোকজন নিয়োগ দিচ্ছে, যা জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। একই সঙ্গে দেশে নতুন করে অনিয়ম ও দুর্নীতি বেড়েছে বলেও দাবি করেন তিনি।
এসব দাবির পক্ষে জনমত গড়ে তুলতেই আগামী ৫ আগস্ট ঢাকার পল্টনে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, আগামী ৩ আগস্ট জোটের শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে।
এ ছাড়া সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য।