তারেক রহমানের নেতৃত্বেই উন্নত বাংলাদেশ সম্ভব: ড. খন্দকার মারুফ

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশপ্রেম, সততা ও গতিশীল নেতৃত্ব আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রধান শক্তি। তিনি বলেন, জনগণের উন্নয়ন ও রাষ্ট্রের অগ্রযাত্রায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত স্কয়ার এইড হসপিটাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন শেষে ড. মারুফ বলেন, স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। মানবিক মূল্যবোধ বজায় রেখে মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, গত পাঁচ মাসে সরকার বিভিন্ন জনমুখী সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে ঘিরে মানুষ নতুন স্বপ্ন দেখছে এবং উন্নত বাংলাদেশের প্রত্যাশায় উজ্জীবিত হচ্ছে।

ড. মারুফ জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড চালু করেছে। পাশাপাশি প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড ও বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত খাল খনন কর্মসূচিও পুনরায় চালু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, অতীত সরকারের দুঃশাসনে দেশের অর্থনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে ড. মারুফ বলেন, সরকার স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা, আধুনিক প্যাথলজি সুবিধা চালু, মেডিক্যাল কলেজে ৫০ শয্যা এবং জেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান মো. কামাল হোসেনের সভাপতিত্বে স্থানীয় প্রশাসন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত