জুলাইয়ের রক্তের ঋণ ভুলে গেলে ইতিহাস ক্ষমা করবে না: ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই জুলাইয়ের শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।

শুক্রবার রাজধানীর রায়েরবাজার গণকবরে জুলাইয়ের শহীদদের স্মরণে এবি পার্টির আয়োজিত দোয়া ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত বা পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের আত্মত্যাগের ঋণ ভুলে গেলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না।

তিনি আরও বলেন, রায়েরবাজার গণকবরসহ দেশের বিভিন্ন স্থানে এখনও নাম-পরিচয়হীন অনেক জুলাই শহীদের মরদেহ রয়েছে। এসব শহীদের পরিচয় শনাক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান এবং ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্সসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত