হবিগঞ্জে উত্তেজনা, এনসিপি-বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বিএনপি ও ছাত্রদলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম এবং চলমান উত্তেজনার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।

এর আগে এনসিপি পূর্বঘোষিত মৌলভীবাজারের দুটি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি স্থগিত করে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা ছিল।

একই সময়ে হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলও পৃথক কর্মসূচি ঘোষণা করলে শহরে উত্তেজনা আরও বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় এনসিপির পদযাত্রা শেষ হওয়ার পর স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটওয়ারী এবং হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহবুব চৌধুরী মুবিনসহ অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সার্কিট হাউসে নিয়ে যায়। রাত প্রায় ১১টার দিকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সিলেটে পৌঁছে দেওয়া হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত