বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে সমমনা জোটের নেতাদের অভিনন্দন

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা। জোটটি ফ্যাসিস্ট সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে বিএনপির অন্যতম শরিক হিসেবে ভূমিকা পালন করেছে।

সোমবার এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জোটের নেতারা রিজভীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) সভাপতি ব্যারিস্টার নাসিম খান, জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাৎ, গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) উপস্থিত ছিলেন।

এ ছাড়া ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জাগপা সভাপতি জাকির হোসেন রিয়াজ, এনডিপির মহাসচিব জামিল আহমেদ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারেক, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির মহাসচিব সাইফুল ইসলাম, বিএমএল মহাসচিব রেজওয়ান মর্তুজা, ডিএলের সহসভাপতি মাহবুব আলম এবং এনপিপির যুগ্ম মহাসচিব সোহেল রানাসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে জাতীয়তাবাদী সমমনা জোট বিএনপির সঙ্গে থেকে আন্দোলনকে বেগবান করেছিল।

গণতন্ত্রকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে জাতীয়তাবাদী সমমনা জোট ভবিষ্যতেও আগের মতো বিএনপির পাশে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জোটের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার নাসিম খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে জাতীয়তাবাদী সমমনা জোট বিএনপির পাশে থাকবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত