জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। তাঁর যুক্তরাষ্ট্র সফর সর্বাত্মকভাবে সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে স্থানীয় সময় রোববার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ, কানাডা বিএনপি, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ১৮টি স্টেট ও মহানগর কমিটির নেতারা এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা ভার্চুয়ালি অংশ নেন।
সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন রুহুল কবির রিজভী। সভার সমন্বয় ও সঞ্চালনা করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সময় দলের নেতা-কর্মীদের অত্যন্ত সহনশীলতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সফরকে ঘিরে কোনো ধরনের বিভেদ বা সংঘাতের সুযোগ তৈরি করা যাবে না।
তিনি বলেন, এই সফরকে বিভেদ বা সংঘাতের উপলক্ষ না বানিয়ে ঐক্য, শৃঙ্খলা ও সৌন্দর্যের মাধ্যমে বাংলাদেশের মর্যাদা বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ হিসেবে নিতে হবে।
সভায় আনোয়ার হোসেন খোকন বলেন, দীর্ঘ ১৭ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে আসছেন। তাঁর আগমনকে সফল করতে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমদ ও মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ, কানাডা পূর্ব ও পশ্চিম বিএনপি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট ও মহানগর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা সভায় অংশ নেন।
সভায় অংশ নেওয়া নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমনকে স্বাগত জানান এবং তাঁর সফর সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।