রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টা হয়েছে। এ সময় পুলিশের দিকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরে অভিযান চালিয়ে মিছিল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)।
শুক্রবার দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতা-কর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন।
পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয় বলে জানান ওসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
পরে মিছিলে অংশ নেওয়া আব্দুর রহিম ও মো. আরাফাতকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি দাউদ হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উত্তরা থেকে গ্রেপ্তার আরও চার
এর আগে বৃহস্পতিবার রাজধানীর উত্তরা থেকে মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আরও চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুনায়েদ মৃধা (১৯), রাকিবুল হাসান (২৩), সাজ্জাদ হোসেন (১৯) ও মো. আব্দুল্লাহ (১৯)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
এ সময় তাঁদের কাছ থেকে মিছিলের একটি ব্যানার জব্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।