সংশোধনী না পড়েই বিতর্ক তৈরির চেষ্টা চলছে: আইনমন্ত্রী

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সম্পত্তি হস্তান্তর আইনে সাম্প্রতিক সংশোধনী হেবা আইনের লঙ্ঘন—এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, হেবা আইনে হস্তক্ষেপ করার ক্ষমতা ইহজাগতিক কারও নেই।

শনিবার বিকেলে যশোর শহরের পিটিআই হলরুমে চাকরি মেলা উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে সাম্প্রতিক সংশোধনী আনা হয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, হেবা আইনসহ প্রচলিত অন্য কোনো আইনের অধীনে দান, উইল বা অন্য কোনো উপায়ে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে এই সংশোধনী কোনো বাধা সৃষ্টি করবে না।

আইনমন্ত্রী অভিযোগ করেন, সংশোধনীর সংশ্লিষ্ট অংশ না পড়েই কেউ কেউ এ নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করছেন। তাঁর দাবি, সংশোধনীর উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

সেমিনারে সভাপতিত্ব করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরিনা আক্তারসহ অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এলাকার খবর

সম্পর্কিত