এএফডির উত্থানের প্রতিবাদে জার্মানিজুড়ে লাখো মানুষের বিক্ষোভ
জার্মানির পূর্বাঞ্চলীয় সাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে কট্টর ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) ভালো ফল করার পর দেশজুড়ে দলটির বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার জার্মানির ২৯টি শহরে আয়োজিত কর্মসূচিতে ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম টাজের প্রতিবেদনে জানানো হয়েছে।
শনিবার সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয় হামবুর্গে। সেখানে প্রায় ২৫ হাজার মানুষ চরম ডানপন্থা, বর্ণবাদ ও এএফডির রাজনীতির বিরুদ্ধে মিছিল করেন। ডুসেলডর্ফে বিক্ষোভে অংশ নেন প্রায় ২০ হাজার মানুষ।
বার্লিনে পুলিশের হিসাবে বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ১৮ হাজার। তবে আয়োজকদের দাবি, রাজধানীতে প্রায় ৩২ হাজার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
গত ৬ সেপ্টেম্বর সাক্সনি-আনহাল্টের রাজ্য পার্লামেন্ট নির্বাচনের পর থেকে এক সপ্তাহে দেশটির বিভিন্ন শহরে এএফডির বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। অন্য একটি হিসাব অনুযায়ী, এই সংখ্যা ১ লাখ ৭৩ হাজারের বেশি।
জার্মান সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এসব কর্মসূচির প্রায় দুই-তৃতীয়াংশ হয়েছে ছোট শহর ও জনপদে। সেখানে কয়েক শ থেকে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। অন্তত পাঁচটি শহরে ১০ হাজারের বেশি মানুষ রাস্তায় নেমেছিলেন, যার বেশির ভাগ কর্মসূচিই অনুষ্ঠিত হয় শনিবার।
‘প্রুফ’ নামে পরিচিত প্রতিবাদ কর্মসূচির আওতায় মিউনিখেও বড় সমাবেশ হয়েছে। সেখানে প্রায় ১২ হাজার মানুষ অংশ নেন। এ ছাড়া মাইনৎস, জারব্রুকেনসহ আরও কয়েকটি শহরে হাজারো মানুষ এএফডি ও চরম ডানপন্থার বিরুদ্ধে বিক্ষোভ করেন।
‘প্রুফ’ আন্দোলনের অন্যতম দাবি হলো, যেসব রাজনৈতিক দলকে জার্মানির সংবিধান রক্ষাকারী কর্তৃপক্ষ পর্যবেক্ষণে রেখেছে এবং যাদের সন্দেহভাজন বা নিশ্চিত চরম ডানপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের সাংবিধানিক অবস্থান পর্যালোচনার উদ্যোগ নেওয়া। এ দাবিতে প্রতি মাসের দ্বিতীয় শনিবার বিক্ষোভের কর্মসূচি পালন করা হচ্ছে।
হামবুর্গের বিক্ষোভে বিক্ষোভকারীদের প্রধান স্লোগান ছিল—‘এখনই পদক্ষেপ নেওয়ার সময়, স্বাধীনতাকে রক্ষা করতে হবে’। শহরের কেন্দ্র দিয়ে মিছিল করে তারা বিনেনআলস্টারের চারপাশ ঘোরেন এবং এএফডির স্থানীয় কার্যালয়ের সামনেও অবস্থান নেন।
সাক্সনি-আনহাল্টের নির্বাচনের পর হামবুর্গে এটি ছিল দ্বিতীয় বড় প্রতিবাদ কর্মসূচি। এর আগে গত রোববার শহরের কেন্দ্রে প্রায় দেড় হাজার মানুষ ডানপন্থী প্রবণতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন।
এদিকে আগামী দিনগুলোতে জার্মানির বিভিন্ন শহরে আরও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
জার্মানিতে সাম্প্রতিক বছরগুলোতে গণতন্ত্র রক্ষা এবং চরম ডানপন্থার বিস্তারের বিরুদ্ধে একাধিক বড় বিক্ষোভ হয়েছে। বিশেষ করে এএফডির রাজনীতিকদের সঙ্গে নব্য-নাৎসিদের বৈঠক এবং অভিবাসী ও সংখ্যালঘুদের বিতাড়নসংক্রান্ত পরিকল্পনা নিয়ে আলোচনার খবর প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ দেখা দেয়।