জাভা সাগরে জাহাজডুবি, ১০৩ জন উদ্ধার; নিখোঁজ ১৪০
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১০৩ জনকে উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৪০ জন।
রোববার স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটি শনিবার পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে সাউথ কালিমানতান প্রদেশের বানজারমাসিনের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছু সময় পর জাহাজটি ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানায়নি কর্তৃপক্ষ। তবে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু হয়েছে।
বানজারমাসিনের স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান আই পুতু সুদায়ানা এক ভিডিও বার্তায় জানান, বিভিন্ন উদ্ধারকারী জাহাজের মাধ্যমে এ পর্যন্ত ১০৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কয়েকজনকে পূর্ব জাভার একটি বন্দরে নেওয়ার প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, জাহাজটির সর্বশেষ অবস্থানের দিকে বিশেষ উদ্ধারকারী দল, কয়েকটি উদ্ধারকারী জাহাজ ও একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
ইন্দোনেশিয়া প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত একটি দেশ। দ্বীপগুলোর মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ফেরি ও নৌযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিমানের তুলনায় নৌপথে যাতায়াত অপেক্ষাকৃত কম খরচের হওয়ায় সাধারণ মানুষের বড় একটি অংশ এ পরিবহনের ওপর নির্ভরশীল।
তবে দেশটিতে নৌযান পরিচালনায় নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগ দীর্ঘদিনের। এ কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে।