আগের দুই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
পচেফস্ট্রুমে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন দুই স্পিনার রিশাদ হোসেন ও আলিস আল ইসলাম। তাঁদের ঘূর্ণিতে স্বাগতিক দলের ১০ উইকেটের সাতটি পতন ঘটে।
টস হেরে ব্যাট করতে নেমে ১৮২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। একসময় ৮৯ রানেই ৬ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। এরপর অধিনায়ক মার্কিউস অ্যাকারম্যানের ৬৭ বলে ৫৪ এবং ইমরান মানেকের ৫৩ বলে ৪৩ রানের ইনিংসে দেড় শ পার করে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট নেন রিশাদ হোসেন। আলিস আল ইসলাম ১০ ওভারে ৩৫ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিক হাসান ও সাইফ হাসান একটি করে উইকেট নেন।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম। দুজনই তুলে নেন অর্ধশতক।
দলের ৯২ রানে উদ্বোধনী জুটি ভাঙে সাইফ হাসান আউট হলে। কাইল সিমন্ডসের বলে আউট হওয়ার আগে ৫৩ বলে ৬১ রান করেন তিনি।
এরপর দ্রুত আরও চার উইকেট হারায় বাংলাদেশ। ৭৭ বলে ৬০ রান করে আউট হন মোহাম্মদ নাঈম। তবে শেষ পর্যন্ত জয়ের পথে বড় কোনো বাধায় পড়তে হয়নি বাংলাদেশকে।
১৭ ওভার হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দল।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দল দুটি চার দিনের ম্যাচ ও তিনটি আনঅফিশিয়াল ওয়ানডে খেলেছে। চার দিনের ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল।