শিশু-কিশোরদের ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের শৃঙ্খলাবোধ, সাহস, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলা সম্ভব।
শনিবার বিকেলে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের আয়োজনে ‘মডেল কাব হলিডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, স্কাউটিংয়ের অন্যতম শিক্ষা হলো শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নিজের কাজের প্রতি নিষ্ঠা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিশু-কিশোরেরা খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে, যা ইতিবাচক।
তিনি বলেন, শিশুদের ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ে তুলতে হবে। আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে শিশু-কিশোরদের সুস্থ ও দায়িত্বশীলভাবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে। সুস্থ জাতি গঠনের লক্ষ্যে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলাধুলাভিত্তিক বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, শিশু-কিশোরদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।
স্কাউটদের কার্যক্রম সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্কাউটিং কার্যক্রম আরও বিস্তৃত করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। অনুষ্ঠানে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা শিশু-কিশোরদের ভবিষ্যৎ জীবনেও কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিবারের আস্থা, বিশ্বাস ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। শিশু-কিশোরেরা যেন সততা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ পরিবার থেকেই তৈরি করতে হবে।
আমিনুল হক বলেন, আগামী বাংলাদেশ হবে সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ। রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে মানবিকতা, আন্তরিকতা ও গণতান্ত্রিক পরিবেশকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে মানুষের কথা বলার অধিকার ও বাক্স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি নতুন প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে। শিশু-কিশোরদের শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়া শিশু-কিশোরদের অভিনন্দন জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী তাঁদের অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, অভিভাবক ও অংশগ্রহণকারী শিশু-কিশোরদের ধন্যবাদ জানান।