২০২৭ সালের ব্রিকস শীর্ষ সম্মেলন চীনে অনুষ্ঠিত হবে। আগামী বছরের জন্য ব্রিকস জোটের সভাপতিত্বও করবে দেশটি। শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘোষণা দেন।
শি জিনপিংয়ের ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের আগামী বছরের ব্রিকস সভাপতিত্বের জন্য তাকে শুভেচ্ছা জানান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সম্মেলনের ভিডিওতেও এ সময়ের দৃশ্য দেখা গেছে।
চীনের দূতাবাস ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শি জিনপিংয়ের ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ২০২৭ সালের সম্মেলন চীনের কোন শহরে এবং কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
ভারতের সভাপতিত্বে এবারের ব্রিকস সম্মেলন ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। দুই দিনের এ সম্মেলনে ব্রিকসের ১১ সদস্যদেশের নেতাদের পাশাপাশি ১০টি অংশীদার দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও সম্মেলনে যোগ দিয়েছেন।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকসকে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠা একটি বৈশ্বিক জোট হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আগামী ২০ বছরের জন্য জোটটির একটি ‘নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচি’ গ্রহণের আহ্বান জানান তিনি।
ভারতের সভাপতিত্বে এবারের সম্মেলনে ‘গ্লোবাল সাউথ’ বা বৈশ্বিক দক্ষিণের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। খাদ্য, জ্বালানি ও সরবরাহব্যবস্থার নিরাপত্তা জোরদারে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছে ভারত।
ইউক্রেন ও পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের কারণে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে যে চাপ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় এসব উদ্যোগ সহায়ক হতে পারে বলে মনে করছে ভারত।