গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার কথা বললেও শেষ পর্যন্ত তিনি ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়ে তার নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি করার চেষ্টা করছেন। তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হওয়ায় দেশে ফিরলে তিনি আইনি ঝুঁকির মুখে পড়তে পারেন।
শনিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মাখদুমা নার্গিস রত্মা মিলনায়তনে ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও নারীর অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাগরিক নারী ঐক্য এ সভার আয়োজন করে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে মান্না বলেন, তিনি যদি দেশে ফিরবেনই, তাহলে গণঅভ্যুত্থানের সময় দেশ ছাড়লেন কেন—এ প্রশ্নের উত্তর দিতে হবে। শেখ হাসিনা নিজে পালিয়ে যাননি বলে যে বক্তব্য দিয়েছেন, সেটির প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
মান্না বলেন, ওই সময় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সেনাবাহিনীর নিরাপত্তা পেয়েছিলেন। শেখ হাসিনাও চাইলে তখন সেনা নিরাপত্তায় থাকতে পারতেন বলে মন্তব্য করেন তিনি। তার মতে, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য মূলত নেতাকর্মীদের চাঙ্গা রাখার উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত তিনি দেশে ফিরবেন না।
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রসঙ্গ তুলে ধরে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি।
তিনি বলেন, একটি নিষিদ্ধ রাজনৈতিক দল প্রকাশ্যে মিছিল করেছে—এ ঘটনায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগ বড় একটি রাজনৈতিক দল হওয়ায় তাদের রাজনৈতিকভাবে কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়েও সরকারের স্পষ্ট কৌশল প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
মান্নার অভিযোগ, বর্তমান সরকারের সাত মাসে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে। গণঅভ্যুত্থানের সময় পুলিশের মনোবল ভেঙে পড়লেও অন্তর্বর্তী সরকার তা পুনরুদ্ধারে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতির পরিবর্তনে সরকার ও রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের আন্দোলনের প্রসঙ্গে মান্না বলেন, দেশের সংকট নিয়ে বিরোধী দল ভালো আন্দোলন করলে নাগরিক ঐক্য তাদের পাশে থাকবে। একইভাবে সরকার ভালো কাজ করলে তারও সমর্থন দেওয়া হবে। তবে সরকারের ভুল হলে তার সমালোচনা করা হবে বলেও জানান তিনি।
নারীর অধিকার প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মান্না বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশ পরিবর্তনের আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
নাগরিক নারী ঐক্যের সভাপতি শাহনাজ রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার সুমির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী দিপু ও দেলোয়ার হোসেন রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক কবীর হাসান ও সাকিব আনোয়ারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।