নিরপেক্ষ তদন্ত হলে ছাত্র উপদেষ্টাদের দুর্নীতি বের হবে: নুর

সহযাত্রী নিউজ ডেস্কঃ
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। নিরপেক্ষ তদন্ত হলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে অন্তত শত কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে গণঅধিকার পরিষদ, মহানগর দক্ষিণের কর্মীসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, শুধু একজন নয়, সাবেক অন্তর্বর্তী সরকারের সব ছাত্র উপদেষ্টার বিষয়ে সঠিক ও নিরপেক্ষ তদন্ত করা হলে প্রত্যেকের বিরুদ্ধে অন্তত শত কোটি টাকার দুর্নীতির তথ্য পাওয়া যাবে।

তিনি অভিযোগ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জাতীয় ঐক্য ধরে রেখে রাষ্ট্র পুনর্গঠনে যে ধরনের উদ্যোগ নেওয়ার কথা ছিল, তা সম্ভব হয়নি। এ ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ও ছাত্র উপদেষ্টাদের ভূমিকা ছিল বলে দাবি করেন তিনি।

নুর বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য ও সমর্থন তৈরি হয়েছিল। কিন্তু সেই ঐক্য ধরে রাখা সম্ভব হয়নি।

গণঅধিকার পরিষদের সভাপতি আরও অভিযোগ করেন, গণমাধ্যমের মাধ্যমে সামনে আসা ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার করেছেন এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিপ্লবের আড়ালে তারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িয়েছেন এবং বিভিন্ন সুবিধাবাদী গোষ্ঠীর সঙ্গে আঁতাত করেছেন।

তিনি বলেন, তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছিল, ছাত্র উপদেষ্টাদের কর্মকাণ্ড তা বাধাগ্রস্ত করেছে। এর ফলে গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতিও সঠিক পথে এগোতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

নিজের দায়িত্ব পালনের ছয় মাস প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের নির্দিষ্ট কোনো প্রমাণ কেউ দিতে পারবেন না। কেউ প্রমাণ করতে পারলে তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার কথাও বলেন।

তিনি আরও বলেন, জনগণের ভ্যাট ও ট্যাক্সের অর্থে পরিচালিত রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীদের জনগণের কাছে দায়বদ্ধ থেকে সেবা দিতে হবে।

এলাকার খবর

সম্পর্কিত