ধারাবাহিক লংমার্চের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: Video
ছবি: Video

সেপ্টেম্বর থেকে ধারাবাহিক লংমার্চের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সরকারবিরোধী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে একাধিক লংমার্চ এবং একটি মহাসমাবেশের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের বিল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর এবং ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা অভিমুখে সড়কপথে লংমার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট পর্যন্ত রেলপথে লংমার্চের আয়োজন করা হবে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১৪ নভেম্বর রাজধানী ঢাকায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, বৈষম্য দূরীকরণ, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং জনগণের দুর্ভোগ লাঘবের দাবিতে তাদের আন্দোলন চলবে। একই সঙ্গে হত্যা, লুটপাট ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের দাবিও কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দেশের মানুষের ওপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ধরনের আশ্রয় বা প্রশ্রয় দেওয়া উচিত নয় এবং এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ঘোষিত লংমার্চ জনগণের দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচি। অতীতের মতো এসব কর্মসূচিতে বাধা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাধা এলেও লংমার্চ নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা অব্যাহত থাকবে।

দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১৪ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে এখন থেকেই দেশব্যাপী প্রস্তুতি নিতে হবে এবং গ্রাম, পাড়া ও মহল্লা থেকে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত