গণসমাবেশে প্রশাসনের সমালোচনা, বিতর্কিত মন্তব্য এনসিপি নেতা জুবাইরুলের
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক গণসমাবেশে প্রশাসনের ভূমিকা ও সরকারি সহায়তা বণ্টন নিয়ে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক। বক্তব্যে তিনি অতীতের আন্দোলনের প্রসঙ্গ টেনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বিতর্কিত মন্তব্যও করেন।
বুধবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থানের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তব্যে জুবাইরুল আলম মানিক উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, জুলাই আন্দোলনের সময় সংঘটিত ঘটনাগুলো তারা প্রত্যক্ষ করেছেন কি না। তিনি অভিযোগ করেন, আন্দোলনের সময় সৃষ্ট পরিস্থিতি এবং পরবর্তী সময়ে বিরোধী শক্তিকে মোকাবিলায় প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
এনসিপির এই নেতা আরও দাবি করেন, বর্তমানে প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় প্রভাব বিস্তারের প্রবণতা দেখা যাচ্ছে। তাঁর ভাষ্য, সরকারি বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নিরপেক্ষতা নিশ্চিত করা প্রয়োজন।
সরকারি সহায়তা কর্মসূচি নিয়েও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, টিসিবি ও ওএমএসের মতো কর্মসূচির সুবিধা সুষ্ঠুভাবে বণ্টিত হচ্ছে না। পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় জনপ্রতিনিধিদের সুপারিশকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।
জুবাইরুল আলম মানিকের মতে, এসব কারণে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান খোকা। এতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।