যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামতের কাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার বিকেল থেকেই আবার গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, এফএসআরইউর মেরামতকাজ বিকেলের মধ্যেই সম্পন্ন হবে এবং এরপরই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে।
তিনি বলেন, গ্যাস সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে পাইপলাইনের চাপ স্বাভাবিক হবে। যেসব এলাকায় গ্যাসের চাপ কমে গেছে, সেসব স্থানেও পর্যায়ক্রমে সরবরাহের উন্নতি হবে এবং বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। টার্মিনাল বন্ধ হওয়ার আগে যে অবস্থায় গ্যাস সরবরাহ ছিল, পরিস্থিতি আবার সেই অবস্থায় ফিরে যাবে।
লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, গ্যাসের ঘাটতির কারণে শুধু গ্রাহকরাই নয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোও পর্যাপ্ত জ্বালানি পায়নি। ফলে কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে এসব কেন্দ্র পুনরায় চালু করা হবে এবং বিদ্যুৎ উৎপাদনও বাড়বে বলে জানান তিনি।