প্রদীপ রাওয়াতের শেষ মুহূর্তের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ছেলে

বিনোদন ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াতের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। ৭৪ বছর বয়সে রক্তের ক্যানসারের সঙ্গে লড়াই শেষে তিনি মারা যান। শেষকৃত্যের সময় বাবার শেষ দিনগুলোর কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর ছেলে বিক্রমাদিত্য রাওয়াত।

বুধবার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় উপস্থিত হয়ে বিক্রমাদিত্য জানান, শুরুতে পরিবারের কেউই বুঝতে পারেননি যে তাঁর বাবা গুরুতর অসুস্থ। প্রথমে চিকিৎসকেরা পেটের সংক্রমণের আশঙ্কা করে চিকিৎসা শুরু করলেও ওষুধে কোনো উন্নতি হয়নি। পরে রক্ত পরীক্ষায় শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক বৃদ্ধি ধরা পড়লে তাঁকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসকেরা জানান, তাঁর রক্ত ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। পরবর্তী পরীক্ষায় সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়। বিক্রমাদিত্য বলেন, মাত্র দুই মাস আগেও তাঁর বাবার সব স্বাস্থ্য পরীক্ষা স্বাভাবিক ছিল। তাই হঠাৎ এমন খবর পুরো পরিবারকে স্তব্ধ করে দেয়।

বাবার শেষ মুহূর্তের স্মৃতি তুলে ধরে তিনি জানান, মৃত্যুর আগের দিন প্রদীপ রাওয়াতের প্লাটিলেট বিপজ্জনকভাবে কমে যায়। আইসিইউতে চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়। সেই মুহূর্তের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

বিক্রমাদিত্য আরও বলেন, বাবার প্রতি মানুষের ভালোবাসা দেখে তাঁদের পরিবার কৃতজ্ঞ। অসংখ্য ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন, যা তাঁদের জন্য অনেক বড় সান্ত্বনা।

প্রদীপ রাওয়াত বলিউডের একজন পরিচিত চরিত্রাভিনেতা ছিলেন। ‘গজনি’, ‘লগান’, ‘সরফরোশ’, **‘নায়ক’**সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে তাঁর শক্তিশালী অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সালমান খান, আমির খান, আশুতোষ গোয়ারিকরসহ চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত