ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনা ঢাকা কলেজে, আহত কয়েকজন

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের পর ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুপুর ২টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার পর ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের প্রধান ফটকে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে। সংঘর্ষে আহত এক শিক্ষার্থীকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে কলেজসংলগ্ন নিউমার্কেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে দুই ছাত্রসংগঠন। ছাত্রদলের দাবি, তাদের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের ওপর ছাত্রশিবিরের একদল নেতাকর্মী অতর্কিত হামলা চালায় এবং তাকে মারধর করে। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়।

অন্যদিকে ছাত্রশিবিরের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের প্রস্তুতির সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় তাদের কয়েকজন নেতাকর্মীও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঘটনার পর ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত