আলিয়া মাদ্রাসায় দফায় দফায় সংঘর্ষ, উত্তেজনায় বকশীবাজার

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর বকশীবাজারে সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসার আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। কিছু সময় পরিস্থিতি শান্ত থাকলেও বিকেল সাড়ে ৪টার দিকে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং সন্ধ্যার দিকে মাদ্রাসা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই আবাসিক হলের সিট বরাদ্দকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের মধ্যে উত্তেজনা চলছিল। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশের উপস্থিতিতেও উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে কয়েকজনের হাতে লোহার পাইপ, লাঠি ও অন্যান্য দেশীয় অস্ত্র দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতেও দুই পক্ষকে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অংশ নিতে দেখা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার মো. মাহফুজার রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি বলেন, পুলিশ থাকার পরও উভয় পক্ষের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছিলেন এবং উত্তেজনা প্রশমনে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন ঢাকা আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ (৩০) এবং লালবাগ থানা ছাত্রদলের সদস্যসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিছার উদ্দিন রাব্বি (২৭)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংঘর্ষের কারণ ও দায়ীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত