দিল্লির অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিল্লিতে আয়োজিত একটি বেসরকারি অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের কোনো বক্তব্যের দায় বা সমর্থনও ভারত সরকার নেবে না বলে স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচিত অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। এর সঙ্গে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই এবং সেখানে প্রকাশিত মতামত বা বক্তব্যের দায়ভার সরকার গ্রহণ করবে না।

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের পক্ষ থেকে দাবি করা হয়, আগামী ৫ আগস্ট দিল্লিতে একটি অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেবেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করে।

এর আগে ঢাকায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে বাংলাদেশ সরকার অনুরোধ জানায়, ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কেউ যেন এমন কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারেন, যা বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে।

একই ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ভারতের আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ বহাল রয়েছে। তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর দেওয়া আমন্ত্রণ এখনো কার্যকর আছে। পাশাপাশি বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে আগামী ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণও জানিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, এসব আমন্ত্রণ আঞ্চলিক ও বহুপাক্ষিক কূটনৈতিক কাঠামোর অংশ এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের স্বাভাবিক ধারাবাহিকতার মধ্যেই দেওয়া হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত