মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসনের তামান লিঙ্গিতে বাংলাদেশি অভিবাসীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
নেগ্রি সেম্বিলানের পুলিশপ্রধান ডিসিপি আলজাফনি আহমেদের বরাত দিয়ে জানা যায়, সোমবার স্থানীয় সময় বিকেল সোয়া ৪টার দিকে একটি বাড়িতে বাংলাদেশি শ্রমিকদের মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত আরেক বাংলাদেশিকে চিকিৎসার জন্য রেম্বাউ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও সন্দেহভাজন ব্যক্তি সবাই একই বাগানে কাজ করতেন এবং একই বাসায় বসবাস করতেন। নিহতদের মধ্যে দুজনের মরদেহ সুয়া মাঙ্গিস এস্টেট এলাকায় এবং অপর একজনের মরদেহ তাঁদের বাসার কাছ থেকে উদ্ধার করা হয়।
ঘটনার পর গ্রেপ্তার হওয়া বাংলাদেশিকে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদনসহ হাজির করার কথা রয়েছে। এ ঘটনায় মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ডিসিপি আলজাফনি বলেন, নিহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি একাধিক স্থানে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনার কারণ, উদ্দেশ্য এবং ধারাবাহিকতা নিশ্চিত করতে তদন্ত চলছে।
তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ঘটনার বিষয়ে কারও কাছে তথ্য থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ করেন।