জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ছিল সর্বস্তরের জনগণের অংশগ্রহণে গড়ে ওঠা একটি গণআন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই আন্দোলন সফল হয়েছে এবং এর কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, বরং দেশের মানুষের।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং গণতন্ত্রে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিল। তাঁর ভাষ্য, আন্দোলনের পুরো সময়জুড়ে তারা জনগণকে একা রেখে কখনো মাঠ ছাড়েননি।

তিনি বলেন, জুলাই আন্দোলনের সফলতার মূল শক্তি ছিল দেশের সাধারণ মানুষ। জনগণ যখন আন্দোলনের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, তখনই আন্দোলন বিজয়ের দিকে এগিয়েছে। তাই এই আন্দোলনের কৃতিত্ব জনগণের কাছেই প্রাপ্য।

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন ও রাজনৈতিক বিতর্কের পর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশ পুনর্গঠন করা। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি ধৈর্য ও সংযমের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সচেতন রাখতে হবে। একই সঙ্গে সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং রাষ্ট্র পুনর্গঠনের পরিকল্পনা ধাপে ধাপে এগিয়ে নিতে কাজ করবে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত