দেশের উন্নয়ন ও অগ্রগতিকে দীর্ঘমেয়াদে টেকসই করতে রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। তিনি বলেছেন, দক্ষ ও যোগ্য রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা না গেলে উন্নয়নের সুফল ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধরে রাখা কঠিন হবে।
শুক্রবার সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
আন্দালিভ রহমান বলেন, দেশের উন্নয়ন এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু অবকাঠামো নির্মাণ, গ্যাস সরবরাহ কিংবা শিল্পায়নকে অগ্রগতির মাপকাঠি হিসেবে দেখলে হবে না। উন্নয়নের পাশাপাশি এর মান ও স্থায়িত্ব নিশ্চিত করাও জরুরি। আর এ জন্য যোগ্য মানুষের নেতৃত্বে আসা প্রয়োজন।
তিনি বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। মেধাবী ও যোগ্য তরুণদের একটি বড় অংশ রাজনীতি থেকে দূরে সরে গেছে। এর ফলে রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানও রাজনীতিতে আসতে আগ্রহী নন বলে মন্তব্য করেন তিনি।
রাজনীতিতে যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা বোঝাতে একটি উদাহরণ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ভালো উপাদান থাকলেই যেমন ভালো খাবার তৈরি হয় না, দক্ষ বাবুর্চিরও প্রয়োজন হয়; তেমনি ভালো মানুষ নেতৃত্বে না এলে দেশের উন্নয়ন ও অগ্রগতির সুফল দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়।
তিনি বলেন, ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে না পারলে দেশের ভবিষ্যৎ নিয়ে যত পরিকল্পনাই করা হোক, সেগুলো টেকসই করা কঠিন হবে।
বরিশালের রাজনৈতিক ও ঐতিহাসিক অবদানের কথাও তুলে ধরেন আন্দালিভ রহমান। তিনি বলেন, খেলাধুলা থেকে রাজনীতি—বিভিন্ন ক্ষেত্রে বরিশাল ও এ অঞ্চলের মানুষ দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাকিস্তান আমল থেকে স্বাধীনতা-পরবর্তী সময় পর্যন্ত বরিশাল থেকে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসেছেন এবং জাতীয় পর্যায়ে অবদান রেখেছেন।
বরিশালকে একটি স্বপ্নের নগরী ও স্বপ্নের শহরে পরিণত করতে নতুন প্রজন্মের যোগ্য ও সৎ নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। পাশাপাশি বরিশালের আশপাশের জেলা ও নির্বাচনী এলাকাগুলো থেকেও মেধাবী তরুণ-তরুণীদের রাজনীতিতে আসতে উৎসাহিত করার উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি।