জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার ও সংসদ বৈধ নয়: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: BSS
ছবি: BSS

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ সম্পূর্ণভাবে বাস্তবায়ন না হলে বর্তমান সরকার ও সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। তাঁর দাবি, সরকার প্রধানসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি অনুসরণ করা হচ্ছে না।

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘গণভোটের গণরায় বাস্তবায়নে চ্যালেঞ্জ: উত্তরণে আইনজীবীদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আইনজীবী ঐক্য পরিষদ।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ কার্যকর থাকলে জুলাই সনদের গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে না। তাঁর ভাষ্য, এ কারণে বিএনপি জনগণের সঙ্গে অস্পষ্ট অবস্থান গ্রহণ করেছে।

সেমিনারে বক্তব্য দেন ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি জসীম উদ্দীন সরকার। তিনি বলেন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ছাড়া পুরোনো সাংবিধানিক কাঠামো বহাল থাকলে ভবিষ্যতে আবারও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা ফিরে আসার আশঙ্কা রয়েছে।

ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, যারা বর্তমানে জুলাই সনদ নিয়ে বিতর্ক তৈরি করছেন, তাদের অনেককেই গণঅভ্যুত্থানের সময় সক্রিয়ভাবে দেখা যায়নি।

জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম অভিযোগ করেন, সংবিধান সংশোধনী কমিটির কার্যক্রমের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি বলেন, বিএনপি তাদের ঘোষিত ৩১ দফার প্রথম প্রতিশ্রুতি—সংবিধান সংস্কারের অঙ্গীকার—বাস্তবায়নে আন্তরিকতা দেখায়নি।

অন্যদিকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, সংবিধানের চতুর্থ তপশিলে বর্ণিত ক্রান্তিকালীন বিধানের আলোকে বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রীয় আদেশ জারি করা সাংবিধানিকভাবে সম্ভব। তাঁর মতে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কে দেশের গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল হিসেবে বিবেচনা করা হলে সে সময়ের প্রয়োজনীয় সিদ্ধান্তও আইনগত ভিত্তির মধ্যেই পড়ে।

সেমিনারে সভাপতিত্ব করেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইউসুফ আলী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত