রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য সরকার কোনো ধরনের অনুরোধ বা নির্দেশ দেয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি বলেন, রাষ্ট্রপতি ব্যক্তিগত বা স্বাস্থ্যগত কোনো কারণে চাইলে সংবিধান অনুযায়ী পদত্যাগ করার সুযোগ তাঁর রয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলা আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ মুহূর্তে যা শোনা যাচ্ছে, তা কেবল গুঞ্জন। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেন, সেটি সম্পূর্ণ তাঁর নিজস্ব বিষয়। এমন কোনো ইচ্ছা প্রকাশ করেছেন কি না, সে প্রশ্নের উত্তরও রাষ্ট্রপতিকেই দিতে হবে।
সালাহউদ্দিন আহমদ জানান, সংবাদমাধ্যমে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের খবর তিনি দেখেছেন। তবে এ বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য তাঁর কাছে নেই এবং তিনি এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেননি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাঁকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। এটিই প্রচলিত সাংবিধানিক বিধান।