বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিএমবিসি) এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে।
বৈঠকে ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানে চীনের সহযোগিতা কামনা করেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে চীন সরকারের প্রতি আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ও চীনের মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিন ধরে ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে এ সম্পর্ক আরও গভীর, সুদৃঢ় ও বহুমাত্রিক হবে বলেও বৈঠকে আশা প্রকাশ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর, ঢাকাস্থ চীনা দূতাবাসের রাজনৈতিক সেকশন পরিচালক ঝ্যাং জিং এবং রাজনৈতিক অ্যাটাশে রু কি।