টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাঙামাটি জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জারি করা জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী জেলায় ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে, যার ফলে যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।
এ পরিস্থিতিতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনা করে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
নিষেধাজ্ঞা চলাকালে সাজেক ভ্যালির সব পর্যটন স্পট, ঝরনা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসন পাহাড়ধসের আশঙ্কা বিবেচনায় রাঙামাটিতে ভ্রমণ ও চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।