এনসিপির সমাবেশে হামলায় প্রশাসনের যোগসাজশের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মঙ্গলবার সকালে দেওয়া এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয়। তিনি দাবি করেন, সমাবেশ শুরুর আগে আকস্মিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া এবং পরে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা স্বাভাবিক নয়।

বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, বিরোধীদলীয় চিফ হুইপের উপস্থিতিতে আয়োজিত সমাবেশে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে না পারা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা। বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের সংশ্লিষ্টতা নিয়ে যে অভিযোগ উঠেছে, তা তদন্তের মাধ্যমে পরিষ্কার করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা নতুন বাংলাদেশ গঠনের অন্যতম শর্ত। তিনি রাজনৈতিক সহিংসতা, বোমাবাজি ও সন্ত্রাসের রাজনীতির সমালোচনা করে বলেন, এসব কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জামায়াতের পক্ষ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে, রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্বে থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণ, হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার রাতে ঢাকার সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির জুলাই পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত