রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে মঙ্গলবার দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রথম দফায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং পরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল এলাকায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, দুই ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুরের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান একটি অনুষ্ঠানে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পৌঁছালে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের পর ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নেন।
পরে দুপুরের দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হলে হাসপাতালের মূল ফটকের বাইরে ছাত্রদলের নেতাকর্মীরাও অবস্থান নেন এবং উভয় পক্ষের মধ্যে স্লোগান পাল্টাপাল্টি শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে জড়িত কয়েকজনের হাতে দেশীয় অস্ত্রও দেখা গেছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সংঘর্ষে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।