জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের চার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও কার্যকর ও গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তন প্রয়োজন।
তিনি দাবি করেন, এসব গুরুত্বপূর্ণ খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে নতুন নেতৃত্ব আনা উচিত।
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। সকাল ৮টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত পোস্টটিতে প্রায় ৩০ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়া এবং প্রায় ১ হাজার ৭০০ মন্তব্য জমা পড়ে।
বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা নিয়েও সমালোচনা
এর আগে সোমবার দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনের সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
সেখানে তিনি লেখেন, "শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা আগে, পরীক্ষা পরে। বন্যা পরিস্থিতি বিবেচনায় এইচএসসি ও আলিম পরীক্ষা নিয়ে দ্রুত ও মানবিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই।"
সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই তাঁর এই মন্তব্য আসে।