চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের রাজনৈতিক ও সামাজিক পরিচয় প্রকাশের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। তবে এ ঘটনায় প্রকৃত বিচার হবে কি না, সে বিষয়েও তিনি সংশয় প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান লেখেন, চট্টগ্রামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো ব্যক্তিদের যদি কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় থাকে, তবে তা জনগণের সামনে প্রকাশ করা উচিত। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘এদের খুঁটির জোর কোথায়?’ এবং বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, একের পর এক নতুন ধরনের অপরাধের ঘটনা ঘটছে। তাঁর দাবি, জনগণ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে।
চাঁদা দাবির অভিযোগ
অভিযোগ অনুযায়ী, সোমবার চট্টগ্রাম নগরীর চকবাজারের এক্সেস রোড এলাকায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে একদল মুখোশধারী সশস্ত্র ব্যক্তি হামলা চালিয়ে ভাঙচুর করে। প্রতিষ্ঠানটির দাবি, এর আগে বিদেশি একটি নম্বর থেকে ফোন করে তাদের কাছে এককালীন দুই কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।
প্রতিষ্ঠানটির মালিক আদিল বিন মামুন জানান, চাঁদা না দেওয়ায় হামলার ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, ফোনে নিজেকে ডেবিট ইমন পরিচয় দেওয়া ব্যক্তি ব্যবসা বন্ধ করে দেওয়ারও হুমকি দেন। পরে ১৫ থেকে ২০ জনের একটি দল কয়েক মিনিট ধরে অফিসে ভাঙচুর চালিয়ে চলে যায়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।