গণভোট বাস্তবায়ন না হলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
| ফটো কার্ড
 ছবি:
ছবি:

গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদ দ্রুত গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশের রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে।

মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধন শেষে জাতীয় সংসদ ভবনে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্মারকলিপি দেন জোটের নেতারা।

মানববন্ধনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের মূল কারণ গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব। তিনি দাবি করেন, গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ অনুযায়ী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম শুরু করতে হবে। অন্যথায় রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে স্পিকার ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

সভাপতির বক্তব্যে ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের দেওয়া গণরায় উপেক্ষা করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে। প্রয়োজনে নতুন করে গণআন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তিনি।

মানববন্ধন শেষে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি স্পিকারের কাছে তুলে দেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও জোটের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন এবং গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম শুরু এবং জুলাই আন্দোলনের বিচারসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত